তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের বাসিন্দা আফতাবের বিরুদ্ধে সচিবালয়ে কর্মরত বড় ভাইয়ের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে প্রতারণা, চাঁদাবাজি, দখলবাজি এবং চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ আমলে উপজেলা কৃষকলীগের নেতা পরিচয়ে তিনি রেজিস্ট্রি অফিসে প্রভাব বিস্তার করতেন। জমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরকারি ফির বাইরে দুই থেকে তিন গুণ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, শতাধিক মানুষের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে। এর মধ্যে রেজিস্ট্রি অফিসের বরখাস্ত নাইটগার্ড আব্দুল হালিমের কাছ থেকে চাকরি পুনর্বহালের আশ্বাসে ১ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। চাকরি না হওয়ায় একপর্যায়ে তার মোটরসাইকেল আটকে রাখা হয়; পরে টাকা ফেরতের পর মোটরসাইকেলটি ছাড়িয়ে নেন তিনি।এছাড়া আফতাবের বিরুদ্ধে একাধিক বিয়ে, তালাক এবং যৌতুকসংক্রান্ত অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত হচ্ছে।
অভিযুক্তের বক্তব্য: অভিযোগের বিষয়ে আফতাবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।