
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বান্দরের মুখ এলাকায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে একদল দুর্বৃত্তের বাড়িতে অনুপ্রবেশ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের চেষ্টার অভিযোগে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, রুপা খাতুন, স্বামী সাংবাদিক আল আমিন সরদার, অভিযোগ করেছেন যে গত ০৩/০৭/২০২৬ তারিখ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে একদল ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের ভাড়াবাড়ির পেছনের বেড়া ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। সে সময় তিনি ও তাঁর স্বামী ঘুমিয়ে ছিলেন। ঘরের দরজা বন্ধ থাকায় অভিযুক্তরা ঘরে প্রবেশ করতে না পেরে শয়নকক্ষের জানালায় আঘাত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের হাতে চাইনিজ রামদাসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগকারীর দাবি।
এজাহারে বলা হয়, একপর্যায়ে সাংবাদিক আল আমিন সরদার ফেসবুকে লাইভে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়েছে, আল আমিন সরদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত এবং সম্প্রতি একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করেছেন। অভিযোগকারীর দাবি, সেই সংবাদের জের ধরেই তাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে বিভিন্ন সূত্রে অভিযোগকারী জানতে পারেন, ঘটনাস্থলে আসা ব্যক্তিরা প্রশাসনের সদস্য ছিলেন না। অভিযোগকারী জিমি, দেবহাটার আব্দুল আল মামুনসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ তুলে বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
এদিকে, এজাহার জমা দেওয়ার পরও আসামিদের গ্রেপ্তার না করে দেবহাটা থানার ওসি আব্দুল আলিম নানা তালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ওসি আব্দুল আলিম বিভিন্ন তালবাহানা করছেন। দীর্ঘ ১৫ দিন পার হলেও আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।এ বিষয়ে রুপা খাতুন বলেন, ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে দেবহাটা থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।