
নিজস্ব প্রতিবেদক ঃসাতক্ষীরা
সাতক্ষীরা জেলার শ্যামনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান-এর বিরুদ্ধে নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও সরকারি বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান নিয়মিতভাবে অফিসে উপস্থিত না থাকলেও সরকারি সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা গ্রহণ করে আসছেন। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে দলিল নিবন্ধনের কাজে বিলম্ব হওয়ায় সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সেবাগ্রহীতারা।
স্থানীয়দের অভিযোগ, সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতির কারণে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ও দলিলের কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি আইনজীবী, দলিল লেখক ও সেবাপ্রত্যাশীরাও চরম দুর্ভোগে পড়ছেন। সংশ্লিষ্ট দপ্তরের উপস্থিতি রেজিস্টার, হাজিরা খাতা, ছুটির রেকর্ড এবং বেতন-ভাতা উত্তোলনের নথি যাচাই করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে অভিযোগকারীদের দাবি।
এ বিষয়ে বিভিন্ন মহলের অভিমত, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে জনগণকে সেবা প্রদান করা আইনগত ও নৈতিক দায়িত্ব। যদি অফিসে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে তা সরকারি শৃঙ্খলা ও জবাবদিহিতার পরিপন্থী এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে বিষয়টি নিয়ে শ্যামনগরসহ জেলার বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।
অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার নাজনীন জাহানের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।