
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬। মহালয়া থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল—সব জায়গাতেই সমান গুরুত্বে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র্যাব। পূজামণ্ডপ ও মন্দির ঘিরে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠে রয়েছে কুইক রেসপন্স টিম, বোম্ব ডিসপোজাল টিম এবং অত্যাধুনিক ড্রোন মনিটরিং ব্যবস্থা।শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় মন্দির ও উত্তর কাটিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে র্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সাদা পোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত।”তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে আরও জানান, সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লেই যেন তাৎক্ষণিকভাবে র্যাব বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।এদিকে, র্যাব-৬ এর এ কঠোর নিরাপত্তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে পূজার আয়োজক ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা—র্যাবের সার্বিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।