
আগামী ৬ মাসের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বুধবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল ও রংপুর—এই পাঁচ জেলায় শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালগুলো নির্মিত হবে। যার প্রতিটিতে একটি করে থাকবে আইসিইউ। তিনি বলেন, এই পাঁচটি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির দরপত্র (টেন্ডার) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালের জন্য ১ হাজার ৪৭৫ জন করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।সাখাওয়াত হোসেন আরও বলেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং মূলত চীনের অর্থায়নে দেশের পাঁচটি বৃহৎ শহরে বা শহরের সংলগ্ন উন্মুক্ত স্থানে ১ হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। এগুলো হবে সম্পূর্ণ নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। চলতি অর্থবছরের মধ্যেই এই হাসপাতালগুলোর নির্মাণকাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।এছাড়া দেশের ছয় থেকে ১০টি উপজেলায় পাইলটিংভাবে ছেলে বা মেয়ে সবার জন্য ঘরে ঘরে গিয়ে চিকিৎসার সেবার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, কার্যক্রম স্বাভাবিক বা ঠিক হলে পরবর্তীতে সারা দেশে করা হবে।