বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে মদ, গাঁজা, ইয়াবা ছাড়াও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এ ঘটনার পর মঙ্গলবার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।ডিবি সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোরে রাজধানীর খিলক্ষেতের ‘পুলিশ হাউজিং-১’ এলাকায় অবস্থিত ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে এ অভিযান চালানো হয়।অভিযানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনতলা ওই বাড়িটি আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ‘এয়ারবিএনবি’র (Airbnb) মাধ্যমে ভাড়া দিয়েছিলেন পুলিশ কর্মকর্তা জহির। বাড়িটি ভাড়া নেওয়ার পর একটি চক্র সেখানে ‘ডিজে পার্টির আয়োজন করে মাদক বিক্রি ও সেবন’ চালিয়ে আসছিল। তিনি আরও জানান, মঙ্গলবারের অভিযানে ওই চক্রের সদস্যসহ মোট ৫৮ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করে ডিবি। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।তবে নিজের বাড়িতে এমন কর্মকাণ্ডের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির সাংবাদিকদের কাছে দাবি করেন, বাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে যে মাদক ব্যবসা ও সেবন চলছিল, সে বিষয়ে তিনি কিছুই জানতেন না বা অবগত ছিলেন না।