
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে ‘কটূক্তি’ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর এ কে এম আজিজুল হক খান এই নোটিশ পাঠান।শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী এ কে এম আজিজুল হক খান। এর আগে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পাঠানো লিগ্যাল নোটিশের অনুলিপি প্রকাশ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি এক বক্তব্যে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। এতে দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করা হয়।
আইনি নোটিশে আরও বলা হয়, একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়া শোভন নয় এবং তা সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এ কারণে কেন তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী ১৫ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।আইনজীবী এ কে এম আজিজুল হক খান বলেন, দেশের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীল রাজনৈতিক অবস্থানে থেকে আরও সংযত ভাষা ব্যবহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও জানান, নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।