নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই অপরাধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন মোঃ তোফাজ্জল হোসেন । থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।দায়িত্ব গ্রহণের পর ওসি তোফাজ্জল হোসেন বলেন, পাটকেলঘাটা থানার আওতাধীন এলাকায় কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকেও পুলিশকে বিশেষভাবে নজর দিতে হবে।তিনি আরও বলেন, “অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন সবার জন্য সমান।”পাটকেলঘাটা থানার নতুন ওসি আরও বলেন, পুলিশের মূল দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ জন্য থানায় আগত সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর সঙ্গে পুলিশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে বা অপরাধের তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর পাটকেলঘাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যকর তৎপরতা বৃদ্ধি পাবে।আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাটকেলঘাটা থানা পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।