
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত লোকনাথ নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ কথিত ভুল চিকিৎসার কারণে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি পৃথক সময়ে দুইজন প্রসূতি নারী ওই ক্লিনিকে ভর্তি হন। অভিযোগ রয়েছে, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং পরবর্তীতে তারা মৃত্যুবরণ করেন। স্বজনদের দাবি, যথাযথ চিকিৎসা না দিয়ে সময়ক্ষেপণ ও অনভিজ্ঞ চিকিৎসা পদ্ধতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে ক্লিনিকটি বন্ধ ঘোষণা করা হয়। তবে অভিযোগ উঠেছে, কিছুদিনের মধ্যেই ক্লিনিকটির মালিক পুলক বাবু প্রভাব খাটিয়ে ও মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে বিষয়টি ‘ম্যানেজ’ করে পুনরায় কার্যক্রম শুরু করেছেন।এ বিষয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে যদি একটি প্রতিষ্ঠানে মানুষের জীবন নিয়ে খেলা করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, শুধুমাত্র সাময়িক বন্ধ নয়—ঘটনার পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।