পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুৎ সমিতির পশ্চিম পার্শ্বে আবাসিক এলাকায় গড়ে উঠেছে একটি অবৈধ ভেজাল সরিষার তেলের মিল। অভিযোগ উঠেছে, ফকির আহমেদের স্যানিটারি ফ্যাক্টরির ভেতরে লুকিয়ে এই মিলে দীর্ঘদিন ধরে ভেজাল তেল উৎপাদন করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, আবাসিক এলাকার রাস্তার সাথে হওয়ায় ওই মিলের বিষাক্ত ঝাঁঝালো গন্ধ ও ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। অনুসন্ধানে জানা গেছে, ওই মিলে সরিষার সাথে নিম্নমানের পাম অয়েল, সয়াবিনের পাম ও ক্ষতিকর রং এবং কেমিক্যাল মিশিয়ে সরিষার তেল বলে বাজারজাত করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কোনো প্রকার বিএসটিআই অনুমোদন, ল্যাব টেস্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিদিন বিপুল পরিমাণ ভেজাল তেল উৎপাদন করে পাটকেলঘাটা বাজার সহ বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তারা।
এলাকাবাসী জানান, আবাসিক এলাকায় এ ধরনের কারখানা স্থাপন সম্পূর্ণ বেআইনি। দ্রুত ওই মিলে অভিযান চালিয়ে বন্ধের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।