নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চার নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে হামলার ঘটনায় গুরুতর আহত সাইফুল বিশ্বাসকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আকদিয়া গ্রামের আজমল বিশ্বাস (৪২), খাদিজা বেগম (২৮), হুসনেয়ারা বেগম (২২), রানী খাতুন (২৫) ও জেসমিন নাহার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল বিশ্বাসের বাড়ির টিউবওয়েলের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়ির দিকে গিয়ে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার সকালে আজমল বিশ্বাসের লোকজন সাইফুল বিশ্বাসের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন স্বজনরা। তবে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বুধবার নড়াইল জেলা হাসপাতালে নিহত সাইফুল বিশ্বাসের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
এবিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার পর মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।