
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, নাজির নুরুল আমিনের নেতৃত্বে পরিচালিত সিন্ডিকেট শুধু অফিসের ভেতরেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব বিস্তৃত হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জাতপুর বাজার এলাকায় নুরুল আমিনের নামে-বেনামে কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি এবং দুটি দোকান রয়েছে, যা অবৈধ উপার্জনের মাধ্যমে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব সম্পদের কোনো বৈধ আয়ের উৎস দেখাতে পারেননি বলেও দাবি করছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি অফিসের বিভিন্ন সেবা ঘিরে গড়ে ওঠা ঘুষ বাণিজ্যের অর্থই এই সম্পদ অর্জনের মূল উৎস। সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়, যার একটি অংশ দিয়ে এই অবৈধ সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।এদিকে, স্থানীয়দের দাবি—নুরুল আমিনের প্রভাব এতটাই বিস্তৃত যে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। অভিযোগ করলে উল্টো হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় অনেকেই নীরব থাকেন।
ভুক্তভোগীরা জানান, জমি সংক্রান্ত যেকোনো কাজের জন্য নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয়। অন্যথায় ফাইল দীর্ঘদিন ঝুলিয়ে রাখা, অযথা জটিলতা সৃষ্টি এবং বারবার ঘোরানোর মতো হয়রানির শিকার হতে হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।