প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ লাখ টাকা আদায়ের দাবি, মানবেতর জীবন যাপন করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল

- কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো:সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের ভাতা চালু ও বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিমের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভাতা বন্ধ হয়ে যাওয়া মুক্তিযোদ্ধাদের পুনরায় তালিকাভুক্ত ও ভাতা চালুর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) বিকালে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন অভিযোগ করে বলেন, তিনি ৩০০ টাকা থেকে শুরু করে ১২০০০ হাজার টাকা পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করে তার ভাতা বন্ধ হয়ে যায়। এরপর ভাতা পুনরায় চালুর আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
আবুল হোসেন জানান, বহুবার যোগাযোগ করেও তিনি এখনো ভাতা ফিরে পাননি। এমনকি বীর নিবাস সুবিধাও মেলেনি। বর্তমানে তিনি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছি। এখন নিজের প্রাপ্য সম্মানটুকুর জন্যও ঘুরতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী দাবি করেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। উপজেলার আরও কয়েকজন মুক্তিযোদ্ধাও একই ধরনের অভিযোগ করেছেন। তাদের ভাষ্য, প্রভাব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধাদের অসহায়ত্বকে পুঁজি করে আর্থিক সুবিধা আদায় করেছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিবর্তে নানা জটিলতা তৈরি করে তাদের হয়রানি করা হচ্ছে। এতে স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা বীর মুক্তিযোদ্ধারা চরমভাবে হতাশ ও অপমানিত বোধ করছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা ও রাষ্ট্রীয় সুবিধা দ্রুত নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা
Copyright © 2026 দৈনিক সোনার বাংলাদেশ. All rights reserved.