
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন। শুক্রবার (৫ জুন) বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকার কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন এবং সেখানে চলমান মানবিক সহায়তাকার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।পরে বিকেল ৪টার দিকে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।এরপর তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এসব ক্যাম্পে তুরস্কের সহায়তায় গড়ে তোলা ফিল্ডহাসপাতালগুলোর কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।পরিদর্শনকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং র্যাব-১৫-এর কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।