
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভুয়া সাংবাদিক চক্র। বিভিন্ন সময় নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মোবাইল ফোনে কল করে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এমন একাধিক কল রেকর্ড বর্তমানে দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার হাতে এসেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, ঈদের আগে ও পরে সুযোগ নিয়ে একটি চক্র বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। এরপর বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়। অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে।
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার কাছে থাকা কল রেকর্ডে শোনা যায়, কথিত ওই ভুয়া সাংবাদিকরা নিজেদের গণমাধ্যম কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য জানতে চায় এবং পরে সেই তথ্যকে কেন্দ্র করে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করে। এতে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ উভয়ই হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত সাংবাদিকতার সুনাম ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপতৎপরতা চালিয়ে আসছে। বিশেষ করে উৎসব মৌসুমকে তারা বেশি টার্গেট করে থাকে।এ বিষয়ে সচেতন মহল বলছে, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সাথে যেসব ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া সাংবাদিকদের এই ধরনের কল রেকর্ড ও তথ্য-প্রমাণ প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের সুনাম রক্ষা এবং সমাজে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।