
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ব্রিজ সংলগ্ন সরকারি খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে খবর পেয়ে আজ (১৪ এপ্রিল ২০২৬) রোজ রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তেতুলিয়া ব্রিজের পাশের খাস জমির উপর পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মৃত মোঃ ইউনুস আলী জামাই মোঃ সিরাজুল ইসলাম থানা পাইকগাছা এর নেতৃত্বে এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে। জানা যায়, তার এক ভাই চাকরিরত থাকায় প্রভাব খাটিয়ে এ জমিতে স্থাপনা গড়ে তোলা হয়েছে।এ বিষয়ে কাদাকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে।এদিকে তেতুলিয়া বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, উক্ত ফাঁকা জায়গাটি বাজারের স্বার্থে ব্যবহারের পরিকল্পনা ছিল। তারা সেখানে অস্থায়ী দোকান বসিয়ে সাপ্তাহিক বাজার পরিচালনার মাধ্যমে মূল সড়কের ওপরের চাপ কমাতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই সিরাজুল ইসলাম পাকা স্থাপনা নির্মাণ শুরু করেন।
স্থানীয়দের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।