
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে সম্প্রতি পাস হওয়া বিতর্কিত আইনকে ‘স্বৈরতান্ত্রিক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বিভিন্ন আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত সম্মিলিত আইনজীবী সমাজ।
এক বিবৃতিতে তারা বলেন, এই আইন গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসনের মৌলিক নীতির পরিপন্থী। কোনো রাজনৈতিক দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে নিষিদ্ধ করা “প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির” সরাসরি লঙ্ঘন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের সংগঠন ও রাজনীতি করার অধিকার রয়েছে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ—বিশেষ করে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি (ICCPR)—এর সাথেও এ ধরনের আইন সাংঘর্ষিক।
আইনজীবীরা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনের ইতিহাসে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত হানার শামিল।
তারা দাবি করেন, রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই স্বচ্ছ ও স্বাধীন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় এটি বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করবে।
বিবৃতিতে অবিলম্বে এই আইন বাতিল করে সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের সকল আইনজীবী, নাগরিক সমাজ ও সচেতন জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয়েছে।